শব্দ নিয়ে খেলা করছেন
যে যার মতন করে,
ইচ্ছে হলেই লিখছেন বই
নীল কলমটা ধরে।
রাতারাতি সেলিব্রিটি
যাচ্ছেন হয়ে কেউ,
কেউবা আবার সেসব দেখে
তর্কে তোলেন ঢেউ।
সত্যিকারের শব্দচাষির
পকেট থাকে শূন্য,
সংকোচে সে সংসার করে
প্রতিভা করে চূর্ণ।
রঙ্গরসে মাতান যারা
ছয় ইঞ্চির ঐ মঞ্চ,
তারাই এখন লিখছেন বই
ছড়িয়ে রোমাঞ্চ।
একুশের এই বইমেলায়ও
গুণী কবি কই?
কনটেন্ট কবির ভিড়ে
চুপটি করে রই।
বলি ওহে লেখালেখি
নয়তো সহজ অত!
বছর দুয়েক গেলেই সবাই
বুঝবে যে যার মতো।






