যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি : রামিসার বাবা

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা। দুই আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ আসার পর তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, রায়ে শতভাগ খুশি। এই রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা আমি পেয়েছি। ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমত ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।

তিনি বলেন, বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে মানসিকভাবে সহায়তা করেছেন, সবার নিকট আন্তরিক কৃতজ্ঞতা। অবশ্যই আমি আমার মেয়ের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর দেখতে চাই। খবর বিডিনিউজের।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন গতকাল দুপুরে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি বলেছেন, রামিসার বাবা ন্যায়বিচার পেয়েছে, আমরা সন্তুষ্ট। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধটেম্পো চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পরবর্তী নিবন্ধরামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ