যুবলীগ, ছাত্রলীগের ১৩ জন গ্রেপ্তার, দুটি বাস জব্দ

বারিক বিল্ডিং এলাকায় মিছিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জুন, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। সিএমপি সূত্র জানিয়েছে, গত শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতাল ভবনের দক্ষিণ পাশে দুইটি যাত্রীবাহী বাসে করে এসে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। পরে তারা মিছিল শুরু করে। পুলিশ বলেছে, তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার জন্য এই মিছিলের আয়োজন করে।

খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায় বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজাসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এছাড়া কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফানও গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হচ্ছেন, পতেঙ্গার কাটগড় এলাকার নাজিরপাড়া খান বাড়ীর শফিকুল ইসলামের পুত্র সাকিবুল ইসলাম (২২), আনোয়ারার কড়ইতোড়া এলাকার হিন্দুপাড়া দাশ বাড়ির মৃত নারায়ন দাশের পুত্র যীশু দাশ (৪৫), ডবলমুরিং থানার মৌলভী পাড়ার অছি সওদাগরে বাড়ির মৃদ জাহাঙ্গীর আলমের পুত্র মো. সাইফুল আলম রুবেল (৪১), বন্দর থানার বড়পুল ব্রিজের পাশের দীপ ম্যানসনের দ্বিতীয় তলার বাসিন্দা সাইফুল ইসলামের পুত্র মো. শরিফুল ইসলাম (২৩), সন্দ্বীপের গাছুয়া এলাকার মো. শফি উল্ল্যাহের পুত্র মো, ইব্রাহিম খলিল (৩৩), পোর্ট কলোনীর ৩ নম্বর সড়কের মৃত মোহাম্মদ সাখাওয়াতের পুত্র মোহাম্মদ মিন্টু (৪৫), বন্দর থানার মধ্যম গোসাইল ডাঙ্গার সওদাগর বাড়ির জসিম উদ্দিনের পুত্র জোবায়ের আহমেদ নিরব (২৫), আকবর শাহ থানার বিশ্ব কলোনী জসিম মার্কেটের এস এম বেলাল উদ্দিনের ভাড়াটিয়া শফিকুল ইসলামের পুত্র মো. মনিরুল ইসলাম (৪৩), বিশ্ব কলোনীর ঈদগাহ মাঠের আরজুর ভাড়াটিয়া মৃত আবদুল কাদেরের পুত্র মো. হান্নান (৪৩) এবং ডবলমুরিং থানার মৌলভীপাড়ার হালিশহর রোডের হাজী আমির আহমদের বাড়ির মো. মঞ্জুর আলমের পুত্র মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সিএমপি সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, বন্দরের বারেক বিল্ডিং ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাথায় সাদা কাপড় বেঁধে মিছিলের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধউচ্ছেদ উচ্ছেদ খেলা আর কতদিন
পরবর্তী নিবন্ধফটিকছড়ির বনে হরিণ শিকারির গুলিতে কৃষক নিহত