যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি : ইরান

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এর আওতায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খবর বিডিনিউজের।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন, এই চুক্তির মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নৌঅবরোধ প্রত্যাহারও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে শুরু হবে বলে জানান তিনি। মার্কিন কর্মকর্তারাও চুক্তির বিবরণ নিশ্চিত করে জানিয়েছেন, ইরান তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করছে, তার ওপরই ইরানের অর্থনৈতিক সুবিধা পাওয়া নির্ভর করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে তারা বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত এপ্রিলে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি সপ্তাহেও তাদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন, আলোচকেরা একটি দারুণ সমঝোতায় পৌঁছেছেন। একারণে তিনি ইরানের ওপর নির্ধারিত কিছু হামলা বাতিল করেছেন এবং খুব দ্রুতই এই চুক্তি সই হতে যাচ্ছে। শুক্রবার ইরানি গণমাধ্যমে এই চুক্তির সম্ভাব্য ১৪টি শর্ত প্রকাশ করা হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিবরণকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেন, এর সাথে সম্মত হওয়া শর্তগুলোর কোনো মিল নেই এবং এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই।

পূর্ববর্তী নিবন্ধআলী খামেনির দাফন ৯ জুলাই
পরবর্তী নিবন্ধআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫