যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

চার বছরে ৫ জন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

গত চার বছরে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পরিবর্তনের সাক্ষী হলো যুক্তরাজ্য। ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি ব্রিটেনের জন্য একটি নতুন সূচনার ঘোষণা দিয়ে ১০ বছরের জাতীয় পরিকল্পনা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব নেন বার্নহ্যাম। এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন বার্নহ্যাম। ভাষণে তিনি বলেন, আমরা (রাজনীতিবিদরা) যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের আরও ভালো হতে হবে। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে যুক্তরাজ্যের জন্য ১০ বছরের একটি জাতীয় পরিকল্পনা প্রকাশ করা হবে, যেখানে দেশের আগামী এক দশকের উন্নয়নের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হবে। আজকের মুহূর্তটি যুক্তরাজ্যের জন্য একটি টার্নিং পয়েন্ট। আজ থেকেই আমরা নতুনভাবে শুরু করছি।

তিনি জানান, জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের কর্মসূচি আগামী সপ্তাহ থেকেই শুরু হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা কমিয়ে বিভিন্ন অঞ্চলে আরও বেশি ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, তার সরকার যুক্তরাজ্যকে আবার শিল্পোন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে। প্রয়োজনীয় জনসেবাগুলো আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা হবে এবং দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করা হবে। গৃহহীন মানুষের সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে বার্নহ্যাম বলেন, আমাদের দেশের কাউকে যেন রাস্তায় রাত কাটাতে না হয়এটা নিশ্চিত করাই হবে আমার প্রথম নির্দেশ। এছাড়া আরও বেশি কাউন্সিল হাউস নির্মাণ, তরুণদের কর্মসংস্থান বাড়াতে শিক্ষাব্যবস্থার সংস্কার, মানসিক স্বাস্থ্যসেবার সমপ্রসারণ এবং প্রতিরক্ষা খাতের বিদ্যমান অঙ্গীকার বজায় রাখার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তার প্রথম বড় কাজ হবে নতুন মন্ত্রিসভা গঠন। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিশেষ করে অর্থমন্ত্রী নিয়োগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। শুরুতে এড মিলিব্যান্ডের নাম আলোচনায় থাকলেও এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পদের দৌড়ে এগিয়ে আছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

দায়িত্ব গ্রহণের আগেই বার্নহ্যামের দল অবৈধ অভিবাসন ঠেকাতে সব চাকরিজীবীর জন্য ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করার পরিকল্পনা বাতিল করেছে। সর্বদলীয় সংসদীয় কমিটি এই প্রকল্পকে ‘ব্যর্থতা’ হিসেবে আখ্যা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কর ব্যবস্থা, ব্যয় সংকোচন, তেলগ্যাস খাত এবং সংকটে থাকা ইউটিলিটি কোম্পানিগুলো নিয়ে বার্নহ্যামের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। তার ঘনিষ্ঠ সহযোগী ও লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, ঋণগ্রস্ত পানি সরবরাহকারী প্রতিষ্ঠান টেমস ওয়াটারকে বিশেষ ব্যবস্থার আওতায় সরাসরি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে। লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর বার্নহ্যাম বলেন, তার সরকারের মূল লক্ষ্য হবে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, ভেঙে পড়া জনসেবা খাত পুনর্গঠন এবং মানুষের রাজনীতির প্রতি আস্থা ফিরিয়ে আনা। তিনি তার নেতৃত্বের জয়কে গত ৪০ বছরের মধ্যে ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত বলেও উল্লেখ করেন।

সামপ্রতিক স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দলের ভেতরে তীব্র অসন্তোষ তৈরি হয়। পরে তিনি পদত্যাগের ঘোষণা দিলে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। একই সময়ে উপনির্বাচনে জয়ী হয়ে হাউস অব কমন্সে ফিরে আসেন বার্নহ্যাম এবং দলীয় ভোটে লেবার পার্টির নেতা নির্বাচিত হন। এরপর ব্রিটিশ সাংবিধানিক রীতি অনুযায়ী রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যাম ইংল্যান্ডের মেরসিসাইডে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে প্রথমবার লেবার পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের সময় স্বাস্থ্য, সংস্কৃতি ও অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১০ ও ২০১৫ সালে দলীয় নেতৃত্বের লড়াইয়ে ব্যর্থ হলেও ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। কোভিড১৯ মহামারির সময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্থানীয় মানুষের স্বার্থে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে তিনি জাতীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধমাইলস্টোন ট্র্যাজেডির এক বছর
পরবর্তী নিবন্ধদুর্নীতি-অনিয়মের সঙ্গে আপস করা হবে না