যাচ্ছিল এইচএসসি পরীক্ষা দিতে, ক্রেন চাপায় মৃত্যু

একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা-মা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

পরীক্ষা আর শেষ করা হলো না নাফিসার। গতকাল সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেন চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন কলেজছাত্রী নাফিসা নাওয়াল (১৮)। ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া নাফিসাকে একটি ক্রেন চাপা দিলে তিনি গুরুতরভাবে আহত হন এবং চমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এর সাথে ভেঙে গেলো নাফিসার বাবা মায়ের স্বপ্নও। একমাত্র মেয়েটিকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে মানুষ করার স্বপ্ন ছিল তাদের।

পুলিশ জানায়, নাফিসা নাওয়াল নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজে। নাফিসা বাবা মায়ের সাথে কাঠগড় এলাকায় বসবাস করতেন। গতকাল সকালে কাঠগড়ের বাসা থেকে তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছার জন্য রাইডশেয়ারিং পাঠাও এর একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন। গতকাল ছিল তার আইসিটি পরীক্ষা। তাকে বহনকারী মোটরসাইকেলটি নেভি গেট এলাকা পার হওয়ার সময় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক কিছুটা বেসামাল হলে নাফিসা ছিটকে সড়কে পড়ে যান। রাস্তায় পড়ে আহত হওয়া নাফিসাকে এই সময় একটি ক্রেন চাপা দেয়।

নাফিসার বাবার নাম মামুন মিয়া, মায়ের নাম মুক্তা বেগম। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। মামুন মিয়া সিইপিজেডে চাকরি করেন। নাফিসার এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা। একমাত্র মেয়েকে অত্যন্ত স্নেহ, যত্ন এবং আদরের সাথে কোলেপিঠে করে বড় করেছেন। এইচএসসি পরীক্ষার পর ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে মেয়েকে ভর্তি করাবেন, এ ছিল মামুন মিয়ার উদ্দেশ্য। স্বপ্ন ছিল মেয়েকে মানুষের মতো মানুষ করা। কিন্তু এর আগেই মেয়ে তাদের ছেড়ে পরপারে চলে গেলেন। নাফিসার মৃত্যুতে বাবামা এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছেন। তাদের আর কোনো সন্তান নেই। নাফিসাকে নিয়েই ছিল তাদের সবকিছু।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ঘটনার পর ক্রেনটি জব্দ করা হয়েছে। তবে ক্রেন চালক পালিয়ে যায়। নাফিসার লাশ বরগুনায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ক্রেন চাপায় গুরুতর আহত একজন এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা গত বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধড্রয়িংরুমে মাথায় পিস্তল ঠেকিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন