যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিটুমিন সরবরাহে হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত গত ২১ আগস্টের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। এতে বলা হয়েছে, যমুনা অয়েল পিএলসির মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিটুমিন সরবরাহে হয়রানির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিপিসির পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আসাদুল হককে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মোহাম্মদ হাসান ইমাম এবং বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. ইফতিয়াক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
অফিস আদেশে কমিটিকে যমুনা অয়েল পিএলসির মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিটুমিন সরবরাহে উত্থাপিত হয়রানির অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।












