‘চুমকি চলেছে একা পথে’র মত বহু জনপ্রিয় গানের শিল্পী খুরশীদ আলম। একশ, দুইশো নয়, প্রায় সাড়ে ৪০০ সিনেমায় গান করা শিল্পী এখনো গাইছেন। প্লেব্যাক না করলেও বিভিন্ন টেলিভিশন স্টেশনে গানের অনুষ্ঠানে পাওয়া যায় শিল্পীকে। খবর বিডিনিউজের।
পাশাপাশি একক বা দ্বৈত নতুন গানও গাইছেন তিনি। তিনি এখনো উচ্ছ্বল, তার শিল্পীজীবনের প্রাপ্তিও অনেক। গতকাল শনিবার সংগীতশিল্পীর ৮১তম জন্মবার্ষিকী ঘিরে গ্লিটজের সঙ্গে জন্মদিন ও বর্তমান সময় নিয়ে কথা বলেছেন একুশে পদক পাওয়া খুরশীদ আলম। জন্মবার্ষিকীতেও কোনো আনুষ্ঠানিকতা বা ঘটা করে উদযাপনের পরিকল্পনা নেই তার। জীবনের এতগুলো দিন, সময় পেরিয়ে আসার পর পেছনে ফিরে তাকালে প্রথম কোন স্মৃতিটা মনে পড়ে প্রশ্নে গ্লিটজকে তিনি বলেন, আগের গানগুলো নতুন করে গাওয়ার সুযোগ পেলে হয়ত আগের চেয়ে আরও ভালো গাইতে পারতাম। তিনি বলেন, জন্মদিন ঘিরে একটি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ‘তারকাকথন’ এ থাকব। সেখানে হয়ত সবার ভালোবাসায় উদযাপন হবে। সেখানে একটা পুরস্কার দেওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে আমার ওপর বানানো প্রামাণ্যচিত্রটি দেখাবে। শাইখ সিরাজ নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’ দেখা যাবে।
স্মৃতিচারণ করে খুরশীদ আলম বলেন, আমাদের সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। আমরা এক মাইকে গান করতাম। একটা গান পারফেক্ট না হলে দশবার গাইতে হত। এখন তো প্রযুক্তির অনেক পরিবর্তন হয়েছে। স্মৃতি ও আক্ষেপ মিশিয়ে তিনি আরও বলেন, এখন মনে হয়, যদি আধুনিক যুগে এসে আবার গানগুলো নতুন করে গাওয়ার সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও অনেক ভালো করে গাইতে পারতাম।












