চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত থিয়েটারকর্মীকে চেনা–জানার আয়োজন ‘জীবনের গল্পে’র ধারাবাহিক আয়োজনের উদ্বোধনী পর্ব গত ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শামসুল কবির লিটনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি শুভ্রা বিশ্বাস ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার আয়াজ মাবুদ।
উদ্বোধনী পর্বে থিয়েটারে সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতাসহ জীবনের গল্প বলেন, গণায়ন নাট্য সমপ্রদায়ের দলপ্রধান অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী ও তির্যক নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা চৌধুরী রাজ্জাক। থিয়েটারকর্মীর থিয়েটারে সম্পৃক্ত হওয়ার, কাজ করাসহ জীবনের গল্প বলা এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটারকর্মী সুমন টিংকু। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠানের কারিগরি তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম গ্রুপ ফোরামের সহ–সভাপতি মঈন উদ্দিন কোহেল। দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী বলেন, যতোদিন পৃথিবী থাকবে ততোদিন থিয়েটার থাকবে। কোনোকিছুই থিয়েটারকে ধ্বংস করতে পারবে না। একই অভিজ্ঞতালব্ধ গোলাম মর্তুজা চৌধুরী রাজ্জাক বলেন, আমাদের পরিবার থিয়েটারকে মেনে নিয়েছে। থিয়েটারও আমাদের পরিবার। একদিন শিল্পকলায় না আসাটাই পরিবারের কাছে বিস্ময়ের। প্রেস বিজ্ঞপ্তি।











