কক্সবাজারের চকরিয়া–মহেশখালী সড়কে দ্রুতগতির ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রদল নেতার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান (২৫) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। আহত অপর দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের সাহাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তিন আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়। অপর দুই আরোহী সেখানে চিকিৎসাধীন।
সাহারবিল ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম উদ্দিন জানান, ছাত্রদল নেতা মিজান আরও দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে সাহাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা মিজান মারা যাওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।












