মেধাবী ছাত্ররা রাজনীতিতে না আসায় খারাপ ছাত্ররা সেই স্থান দখল করে

মীরসরাই কলেজে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে নুরুল আমিন এমপি

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন বলেছেন,ভাল ও মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না আসার কারনে খারাপ ও পেছনের টেবিলের শিক্ষার্থীরা রাজনীতিতে জায়গা করে নেয় আর তাই ভাল ছাত্ররাই পরবর্তিতে সেই খারাপ ছাত্রদের নেতৃত্ব মানতে হয়। রাজনীতি করতে ও মেধাবী এবং ভাল মানুষরা এগিয়ে এলে দেশে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না। দেশের মানুষের জন্য আরো কল্যাণ এবং সুখময় হতো সকল প্রকার পরিবেশ। তবে তার জন্য ও সুযোগ্য হবার প্রথম ধাপ পড়ালিখা করে আগে নিজেদের যোগ্য করে তোলা।

তিনি গতকাল রোববার মীরসরাই কলেজের প্রস্তাবিত নতুন মূল ফটকের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি সকল অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার আহ্বান জানান। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও প্রফেসর উত্তম কুমার ও নজরুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, অভিনন্দন পত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, বিএনপি নেতা মো. আলমগীর, মাঈন উদ্দিন মাহমুদ, মহিউদ্দিন, জাহেদ হোসাইন, জসিম উদ্দিন, জামায়াত নেতা শিহাব উদ্দিন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নূর নবী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন। সভায় বক্তারা কলেজের অবকাঠামোগত উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এসব বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। শেষে রচনা প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করে তাজনীন খানম অহনা, রবিউল হোসেন ও জান্নাতুল সুলতানা।

পূর্ববর্তী নিবন্ধনারী ও তরুণ নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে