কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান ‘হারিয়ে যাওয়া সেই দিন’ মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাঈদা শম্পা ও সাব্বির জামান। গানটির কথা লিখেছেন গুণী গীতিকবি গোলাম মোর্শেদ। গানের শিরোনামে রয়েছে নস্টালজিয়ার আভাস। হারিয়ে যাওয়া সময়, ফেলে আসা দিন আর অতীতের নানা অনুভূতিকে ঘিরে গানটি শ্রোতাদের মনে বিশেষ আবেগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দুই শিল্পীর কণ্ঠে গানটি নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দেবে লাকী আখান্দের সুরের মাধুর্য ও গোলাম মোর্শেদের কথার আবেদন। গানটি নিয়ে শিল্পী সাঈদা শম্পা বলেন, গানটির কথা ও সুরের মধ্যে যে আবেগ রয়েছে, তা কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর গোলাম মোর্শেদ ভাইয়ের লেখা গান নিয়ে নতুন করে কিছু বলার নেই। গানের আরেক কণ্ঠশিল্পী সাব্বির জামান বলেন, আমরা সর্বোচ্চ আবেগ ও আন্তরিকতা দিয়ে গানটি গেয়েছি। লাকী আখান্দ স্যারের সুর আর গোলাম মোর্শেদ ভাইয়ের কথায় তৈরি গান শ্রোতাদের কাছে তুলে ধরতে পেরে ভালো লাগছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
গানের সঙ্গে জীবনের গল্প জড়িয়ে আছে বলে জানিয়েছেন গীতিকবি গোলাম মোর্শেদ। তিনি বলেন, কিছু গান থাকে, যেগুলোর সঙ্গে মানুষের স্মৃতি, আবেগ আর জীবনের গল্প জড়িয়ে থাকে। ‘হারিয়ে যাওয়া সেই দিন’ তেমনই একটি গান। শ্রোতারা গানটির মধ্যে নিজেদের ফেলে আসা দিনগুলোর ছায়া খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার অফিসিয়াল ইউটিউব ও ফেসবুকে শোনা যাচ্ছে গানটি।












