মুক্তি পেলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিতভাবে নির্বাচিত সর্বশেষ প্রেসিডেন্ট ইউ উইন মিন পাঁচ বছরেরও বেশি সময় কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। শুক্রবার ঐতিহ্যবাহী নতুন বছর উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়েছেন তিনি, জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম। ইরাওয়াডি জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি রাজধানী নেপিডোতে নিজ পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। খবর বিডিনিউজের।

তিনি কোনো আইন ভাঙেননি বলে দাবি করেছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। তার পরপরই সু চি, উইন মিনসহ সদ্য ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে বন্দি করে রাখে।

পরে দুর্নীতি ও অন্যান্য অভিযোগের দায়ে উইন মিনকে সাড়ে নয় বছর কারাদণ্ড দেওয়া হয়। সাজার মেয়াদ পূর্ণ হওয়ার সাড়ে চার বছর আগে তাকে মুক্তি দেওয়া হল। এর আগে একই সাধারণ ক্ষমার আওতায় সু চির (৮০) সাজার মেয়াদ হ্রাস করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধকিউবার সার্বভৌমত্বকে সম্মান দেখাতে বলল মেক্সিকো, স্পেন, ব্রাজিল
পরবর্তী নিবন্ধইরানি হামলায় তেল আবিবের হাজারের বেশি বাড়ি বসবাসের অযোগ্য