বন্ধুদের সাথে পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে মীরসরাই উপজেলার আমবাড়িয়া গ্রামে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দক্ষিণ আমবাড়িয়া নূরানি মাদ্রাসার শিক্ষার্থী মুনতাসিন ওই এলাকার আব্দুস সোবহান মিস্ত্রি বাড়ির মোশাররফ হোসেনের ছেলে। শিশুটির স্বজন মোজাম্মেল হক জানান, মঙ্গলবার মাদ্রাসা ছুটির পর বাড়িতে এসে ব্যাগ ও বই রেখে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় মুনতাসিন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুরা বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।
মাতামুহুরী উপজেলা : কঙবাজারের মাতামুহুরী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবিদ নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি কদ্দাছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া আবিদ ওই এলাকার মো. পারভেজের পুত্র এবং স্থানীয় মরহুম মাস্টার মোহাম্মদ খালেদের নাতি।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে অসাবধানবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু আবিদ। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শিশু আবিদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা–বাবাসহ স্বজনেরা। স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশীদ পানিতে ডুবে আবিদ নামে এক শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।












