মিরপুরে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফেরার পর আপাতত বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে এই বিরতি বেশি দীর্ঘ হচ্ছে না। আগামী সপ্তাহ থেকেই আবারও মাঠের অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। সাদা বলের সিরিজ খেলতে এখনই ভারতীয় দল বাংলাদেশে আসছে না তা নিশ্চিত হওয়া গেছে। তাই এই ফাঁকা সময়ে জাতীয় দল এবং বিসিবির রাডারে থাকা ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জাতীয় দলের এই বিশেষ অনুশীলন ক্যাম্প। খবর বাংলানিউজের।

মিরপুরের এই ক্যাম্পে শুরুতেই গুরুত্ব দেওয়া হবে ক্রিকেটারদের ফিটনেসের ওপর। এরপর ধাপে ধাপে শুরু হবে স্কিল ক্যাম্প। বর্তমানে বিদেশি কোচিং স্টাফরা ছুটিতে অবস্থান করায় পুরো ক্যাম্পের দেখভাল করবেন দেশীয় কোচেরাই। দেশি কোচদের তত্ত্বাবধানেই নিজেদের ঘাটতিগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। তবে বিরতির পর অক্টোবরের শুরুতেই আবারও ব্যস্ত ক্রিকেট সূচিতে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই মাসের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে উড়াল দেবে লালসবুজের প্রতিনিধিরা। সেখানে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ এবং একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগারের।

পূর্ববর্তী নিবন্ধভারত ম্যাচের আগে জোন্সকে ছাঁটাই করল বাফুফে
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি