মিথ্যা ঘোষণায় অতিরিক্ত পণ্য আমদানি, জরিমানাসহ ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

মিথ্যা ঘোষণা দিয়ে অতিরিক্ত পণ্য আমদানি করায় ‘রেনবো করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা ও শুল্ককরসহ ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই সি১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে রেনবো করপোরেশনের আমদানি করা চালানটি আটক করে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানিকৃত চালানটি বন্দরের এনসিটিতে আটক করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে দেখা যায়, চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য রয়েছে। ঘোষণায় ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। এছাড়া ২ হাজার ৫৭১ দশমিক ১৬ কেজি ওয়েফার ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি। সব মিলিয়ে চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় ৫৪০ দশমিক ৪১ কেজি বা ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য পাওয়া যায়। পরে বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ককর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড বাবদ ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআসামিকে বাঁচাতে চাচ্ছেন বাদী নিজেই, আদালতে নারাজি পিটিশন
পরবর্তী নিবন্ধদুটি করিডোর ব্যবহার করে চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভেঙে দেয়া হচ্ছে নেটওয়ার্ক