সরকারি নিষেধাজ্ঞা মেনে মা ইলিশ সংরক্ষণে এগিয়ে আসার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, ইলিশের উৎপাদন বাড়িয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। সরকারের নির্দেশনা মানতে হবে, প্রকৃতির জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।
গতকাল মঙ্গলবার মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ উপলক্ষে নগরের ১১ নং ওয়ার্ডের দক্ষিণ কাট্টলি জেলেপল্লীর জেলেদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ১ হাজার ৭৪টি জেলে পরিবারের প্রতিটিকে ২৫ কেজি করে মোট ২৬ দশমিক ৮৫ মেট্রিক টন ভিজিএফ চাল দেওয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন ডিপ্তি, পাহাড়তলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. কামরুজ্জামান ও জেলে প্রতিনিধি খেলন দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।











