মাস্কের ১০ লাখ স্যাটেলাইট প্রকল্পে রাতের আকাশ নষ্ট হওয়ার শঙ্কা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পৃথিবীর কক্ষপথে সক্রিয় থাকা স্যাটেলাইটের দুই–তৃতীয়াংশই ইলন মাস্কের নিয়ন্ত্রণে। এবার মার্কিন নিয়ন্ত্রক সংস্থা স্পেসএক্স’কে আরও ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দেওয়ায় মহাকাশে তার একচ্ছত্র আধিপত্য আকাশচুম্বী হতে চলেছে। এই সংখ্যা বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় থাকা মোট স্যাটেলাইটের প্রায় ৬০ গুণ। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, ‘স্টারমাইন্ড’ নামের প্রকল্পটিকে ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার সামনে স্পেসএক্সের বর্তমান ১১ হাজার স্যাটেলাইটের ‘স্টারলিংক’ নেটওয়ার্কও নিতান্তই ক্ষুদ্র। খবর বিডিনিউজের।

প্রকল্পটি সফল হলেও এত বড় আকারের স্যাটেলাইট নেটওয়ার্কের ক্ষেত্রে সংঘর্ষের ঝুঁকি ও মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ তৈরি হবে। বলা হচ্ছে, এটা ‘জ্যোতির্বিজ্ঞানী ও মানুষের রাতের আকাশ উপভোগ ও গবেষণার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে’। সূক্ষ্ম প্রকৌশল সরঞ্জাম সরবরাহকারী কোম্পানি ‘অ্যাকু কম্পোনেন্টস’–এর সামপ্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাজ্যের অধিকাংশ শহরের আকাশে এখন দৃশ্যমান তারার চেয়ে দৃশ্যমান স্যাটেলাইটের সংখ্যাই বেশি। স্টারমাইন্ডের ১০ লাখ স্যাটেলাইটের ঝাঁক কক্ষপথে পৌঁছালে খালি চোখে তারা দেখা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। প্রকল্পটিকে ‘সেন্টিয়েন্ট সান’ হিসেবে বর্ণনা করেছেন মাস্ক, যা সূর্যের আলো ব্যবহার করে কক্ষপথে থাকা ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করবে ও এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রসেসিং সক্ষমতা জোগাবে। প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যামাজন এটাকে ‘বাস্তবসম্মত পরিকল্পনার চেয়ে আকাশকুসুম উচ্চাকাঙ্ক্ষা’ বলে মন্তব্য করেছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদির নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে বিয়ে বাড়ি ও স্কুলে বিমান হামলা, নিহত অন্তত ৪৭