মাসকাট ফেরত যাত্রীর ব্যাগে ৫৩৪ গ্রাম স্বর্ণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

মাসকাট থেকে চট্টগ্রাম আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এক কোটিরও বেশি টাকা দামের ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই এবং কাসমস্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণ চালানটি জব্দ করেন।

গতকাল (শুক্রবার) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সালাম এয়ারের ওভি৪০১ ফ্লাইটে মাসকাট থেকে চট্টগ্রামে আসা রাউজানের নাসিরনগরের হাসান মুরাদ নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ থেকে আদায়যোগ্য রাজস্ব প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থার লোকজন তার ব্যাগেজ তল্লাশি করেন। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি জানান, ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণগুলো রাখা হয়েছিল। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ক্যাম্পাসসহ রাউজানে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার