বিশ্বখ্যাত মূকাভিনয় শিল্পী ও মূকাভিনয়ের কিংবদন্তি মার্সেল মার্সো’র ১৯তম প্রয়াণদিবস স্মরণে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা ও মূকাভিনয় প্রদর্শনী। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন মূকাভিনয় দল ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম পরিবেশনা হিসেবে অংশ নেয় প্যান্টোমাইম মুভমেন্ট। দলটির বর্তমান সাধারণ সম্পাদক শান্তনু দাশ একক অভিনয় হিসেবে পরিবেশন করেন মার্সেল মার্সো’র গল্প অবলম্বনে মূকাভিনয় ‘খাঁচা (ঞযব ঈধমব)’। গল্পটির আবহ সঙ্গীত করেছেন তামান্না বিনতে আজাদ।
খাঁচায় মানুষের অনুভূতি, বন্দিত্ব, আকাঙ্ক্ষা এবং মুক্তির আকুলতাকে শব্দহীন অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। দেহভাষা, অঙ্গভঙ্গি, মুখাভিব্যক্তি, শরীরের ছন্দ এবং নীরব অভিনয়ের শক্তিকে ব্যবহার করে নির্মিত এ পরিবেশনায় মানুষের অস্তিত্ব ও স্বাধীনতার আকাঙ্ক্ষা একটি স্বতন্ত্র নাট্যভাষায় প্রকাশ পায়।
মূকাভিনয়ের আন্তর্জাতিক অঙ্গনে মার্সেল মার্সো নীরবতাকে একটি শক্তিশালী শিল্পভাষায় রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সৃষ্টিশীলতা, অভিনয়শৈলী ও শিল্পভাবনা বিশ্বের অসংখ্য মূকাভিনয় শিল্পীকে অনুপ্রাণিত করেছে। তার শিল্প ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশের মূকাভিনয়চর্চাকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করার প্রত্যয়ও রয়েছে এ আয়োজনের পেছনে।
আয়োজকরা মনে করেন, মার্সেল মার্সোর স্মরণে এ আয়োজন শুধু একজন কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং নীরবতার ভাষা, দেহভাষা ও শারীরিক অভিনয়ের শিল্পসম্ভাবনাকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ।
মার্সেল মার্সোর শিল্পস্মৃতিকে ধারণ করে আয়োজিত এ বিশেষ সন্ধ্যায় মূকাভিনয়প্রেমী, সংস্কৃতিকর্মী, শিল্পী, নাট্যকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের দর্শকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













