খাগড়াছড়ির মানিকছড়িতে ট্রাক ও ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মোশারফ হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার তিনটহরী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মৃত চান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ট্রাকটি তিনটহরী বাজার ফেলে মহামুনির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে দুলা মেম্বারের বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি আমভর্তি ব্যাটারি রিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে রিকশায় থাকা মোশারফ হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










