চট্টগ্রামে গাউসিয়া কমিটি বাংলাদেশের ডক্টরস উইংস গঠন করা হয়েছে। নগরীর জিইসি মোড়স্থ ওমরগণি এমইএস কলেজের বিপরীতে অবস্থিত সানসেট হিল রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ৭১ সদস্যবিশিষ্ট এই ডাক্তার কমিটি ঘোষণা করা হয়। এর পর পর দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে শপথ পাঠের মাধমে অভিষিক্ত করা হয়। গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত অভিষেকে সভাপতিত্ব করেন ডাঃ মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব কমর উদ্দিন সবুর। প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য আলহাজ্ব মুহাম্মদ হোসাইন খোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হক খান এবং আলহাজ্ব ডাঃ এ এস এম শওকতুল ইসলাম। অনুষ্ঠানে হুজুর কেবলার পক্ষ থেকে ৭১ সদস্যের ডক্টরস উইংস কমিটির নাম ঘোষণা করা হয়। ডা. গোলাম মনজুর রোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেকে বক্তারা বলেন, আধ্যাত্মিকতার উৎকর্ষতা, সমাজসেবা, মানবিক কার্যক্রম এবং চিকিৎসা সেবাকে আরও সংগঠিত ও সমপ্রসারিত করার লক্ষ্যে এই ডক্টরস উইংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবে। এদিকে নব গঠিত ডক্টরস উইংসকে অভিনন্দন জানিয়েছেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওতাধীন বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।












