মাদক ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী । যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হয়। সালাহউদ্দীন আহমদ বলেন, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ খবর বিডিনিউজের।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি মাদক কারবারে জড়িত আর্থিক চক্র এবং অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ কোথায় যাচ্ছে, তা তদন্তের সুপারিশ করেন কমিটির সভাপতি। বৈঠকে দেশের যেসব সীমান্ত এলাকা ও পথ দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি বেশি, সেগুলো চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। মাদক চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে নজরদারি ও অভিযান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করে সংসদীয় কমিটি।

বৈঠকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধভূমি অধিগ্রহণ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও গতিশীল : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের বিচার শুরু