পতেঙ্গায় মাদক ও জুয়া সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গণ–অসন্তোষ তৈরি হয়েছে। মাদকবিরোধী সাধারণ সদস্যদের ওপর হামলা, থানায় উল্টো মিথ্যা অভিযোগ দায়ের এবং মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যসহ চিহ্নিত স্পটগুলোতে পুলিশি অভিযানের দাবিতে শুক্রবার বাদে জুমা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম হোসেন আহমদ পাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে এলাকার শত শত বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে আসেন এবং মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম হোসেন আহমদ পাড়া খেজুর তলা মাদক বিরোধী কমিটির আহ্বায়ক মোঃ সেলিম। সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয়ে মদ, গাঁজা, ইয়াবার ব্যবসা এবং জুয়ার আসর বসিয়ে এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ ও মাদকবিরোধী কর্মীরা সোচ্চার হলে, উল্টো তাদের ওপর হামলা চালানো হচ্ছে এবং থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে এই চিহ্নিত অপরাধীদের গ্রেফতার এবং অনৈতিক কাজের নিরাপদ আস্তানা ‘পেয়ারা কুঠির’ গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মাদকবিরোধী কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুদ্দীন (বাল্লা), মোঃ মারুফ উদ্দিন, মোঃ সাঈদ আনোয়ার, মোঃ জসিম, মোঃ শফিউল আলম, মোঃ সিরাজ এবং খিজির (রা🙂 জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল্লা তালুকদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নাছির, মোঃ আব্দুল মোনাফসহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।











