মাটিচাপা পড়েছে বই, ছেলেমেয়ের লেখাপড়া নিয়ে শঙ্কিত মিনু

বন্যায় কাথরিয়ায় ৩ সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইমাঝিপাড়া। জলকদর খালের পাশে এ পাড়া। বন্যার আগে এ পাড়ায় ছিল সারি সারি মাটির ঘর। কিন্তু বন্যার পর ঘরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গতকাল সোমবার বিকালে কাথরিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে এ দৃশ্য চোখে পড়ে।

বাইমাঝিপাড়ার এলাকার দিনমজুর মাহমুদুল হকের পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। কোনোরকমে দিন অতিবাহিত করতেন তারা। সাম্প্রতিক বন্যায় তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তার স্ত্রী মিনু আক্তার বলেন, আমাদের ৫ ছেলেমেয়ের মধ্যে বড় মেয়েটি কাথরিয়া স্কুলে নবম শ্রেণীতে পড়ে। ছোট ছেলে পড়ে মাদ্রাসায়। অন্যরা এখনো ছোট। হঠাৎ করে বন্যায় বাড়িটি ভেঙে যায়। কোনো জিনিস বের করার সুযোগ পাইনি। মেয়ে ও ছেলের বইপত্র বের করা সম্ভব হয়নি। ফলে কয়েকদিন ধরে তারা স্কুলে যেতে পারছে না।

মিনু বলেন, আমার ও ভাসুরের দুই পরিবার মিলে আর ১২ জন এ বাড়িতে বসবাস করতাম। বন্যার পর বর্তমানে আমরা পাশে দেবরের বাড়িতে কোনোরকমে দিনযাপন করছি। শুকনো খাবার পেলেও বড় ধরনের কোনো সহযোগিতা পাইনি। ছেলেমেয়ের পড়ালেখা চালিয়ে নিতে পারবেন কি না তা নিয়ে শঙ্কিত তিনি।

স্থানীয় নুর উদ্দিন, আবুল হোসেনসহ বেশ কয়েকজন জানান, পানি নেমে যাওয়ার পর মাটির বাড়িগুলো ধসে পড়েছে। যেসব মাটির বাড়ি বন্যা কবলিত হয়েছে সেগুলো ঝুঁকিতে রয়েছে।

কাথরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. হারুনুর রশিদ জানান, সংগৃহীত তথ্য অনুসারে কাথরিয়া ক্ষতিগ্রস্ত এলাকা ১ নং ওয়ার্ড দক্ষিণ বাগমারায় ২০০ পরিবার, ২ নং ওয়ার্ড দক্ষিণ বাগমারা ও নয়াপাড়ায় ১৮০ পরিবার, ৩ নং ওয়ার্ড মধ্যম বাগমারায় ১৫০, ৪ নং ওয়ার্ড পূর্ব বাগমারা ও মানিক পাঠানে ১৪০ পরিবার, ৫ নং ওয়ার্ড কাথরিয়া বাইমাঝিপাড়ায় ১৯০ পরিবার, ৬ নং ওয়ার্ড কাথরিয়ায় ১০০ পরিবার, ৭ নং ওয়ার্ড কোটপাড়া ও কাথরিয়ায় ১৪০, ৮ নং ওয়ার্ড বরইতলীতে ১৫০ পরিবার, ৯ নং ওয়ার্ড পূর্ব কাথরিয়া ঘোনা পাড়ায় ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবারসহ সম্পূর্ণ ও আংশিক মিলে প্রায় ৩ সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে সিমেন্ট সার ডিজেল চোরাচালান বেড়েছে
পরবর্তী নিবন্ধককরোচ পার্টির সংসদমুখী মিছিলে টিয়ার গ্যাস, দিল্লি রণক্ষেত্র