ফটিকছড়িতে বন্য প্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে শিকারিদের দুই পক্ষের বিরোধের জেরে পাঁচটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর চা বাগান এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে বন্য প্রাণী শিকার করে আসছিল। সমপ্রতি শিকার করা পশুর মাংস ভাগাভাগি নিয়ে শিকারিদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে গতকাল দুই পক্ষ একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে মারমুখী অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে–কে জানান। পরে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিকারিদের লুকিয়ে রাখা পাঁচটি একনলা বন্দুক উদ্ধার করে।
ওসি বিপুল চন্দ্র দে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে, গত ১৬ এপ্রিল একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে ‘ননাই’ নামে এক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছিল। আগের সেই ঘটনার সূত্র ধরেই গতকালের এই পাঁচ বন্দুকের সন্ধান মেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।







