মহেশখালীতে বিয়ের তিন মাসের মাথায় কিশোরী গৃহবধূর মৃত্যু

স্বজনদের অভিযোগ হত্যা

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিয়ের তিন মাসের মাথায় চাঁদ মনি (১৭) নামে এক কিশোরী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে মহেশখালী পৌরসভার গোরকঘাটা চরপাড়ায় স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।

চাঁদ মনি উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের ওসমান গনির মেয়ে। তার স্বামী শাহিন আলম গোরকঘাটা চরপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।

নিহতের স্বজনেরা বলেন, প্রায় তিন মাস আগে চাঁদ মনি ও শাহিন আলম প্রেমের সম্পর্কের সূত্র ধরে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর শাহিন আলম যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ তাদের। তাদের দাবি, যৌতুকের জন্য স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা চাঁদ মনিকে নির্যাতন করতেন। এর মধ্যেই তার মৃত্যু হয়।

তবে শাহিন আলমের দাবি, সকালে গাড়ি চালানোর জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি জানতে পারেন, চাঁদ মনি আত্মহত্যা করেছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ১৮ সেপ্টেম্বর থেকে
পরবর্তী নিবন্ধসিজিএস বিজনেস সামিট ১৭ সেপ্টেম্বর শুরু