বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল সকালে জাহাজ ভাঙার কাজ করার সময় একটি স্ক্র্যাপ জাহাজের ভেতরের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এক যৌথ শোকবাণীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। জীবিকার তাগিদে কর্মরত শ্রমিকদের এভাবে প্রাণ হারাতে হবে – এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করছি। তারা বলেন, শিপইয়ার্ডে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট মালিকপক্ষ ও কর্তৃপক্ষের। শ্রমিকদের জীবন রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত না করে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনা করা উচিত নয়। প্রেস বিজ্ঞপ্তি।









