রাশিয়ার মস্কো অঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। খবর বিডিনিউজের।
২৪৯টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়ে ভোরোবিয়ভ বলেন, হামলায় কয়েকটি বাড়ি এবং স্থানীয় একটি গুদামে আগুন ধরে যায়। রাজধানী মস্কোতে একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। দুটি বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়। এর আগে ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই সমপ্রতি তাদের হামলা জোরদার করেছে। এসব হামলায় বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্রগুলোকে নিশানা করা হচ্ছে। ভোরোবিয়ভ রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, সোফিনোতে একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার পর ৪৪ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। আহত হন পাঁচজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নর জানান, ওরেখোভো–জুয়েভো জেলায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানার পর এক বয়স্ক ব্যক্তি নিহত হন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, মস্কো অঞ্চলে রাতের আকাশে বিস্ফোরণ ঘটছে, আগুন জ্বলতে দেখা যাচ্ছে একটি গুদামে।













