ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে তার ভাইয়ের হত্যাকাণ্ডে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করার উদ্যোগ নেওয়া উচিত। তিনি এ ঘটনায় দ্রুত বিচার ও পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার সকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন মাছুমা হাদি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রহস্য উদ্ঘাটন করা না গেলে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা পাবে। মাছুমা হাদি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর হাদিকে গুলি করার ঘটনার পর আসামিরা কীভাবে ভারতে চলে গেল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। এ ঘটনায় রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত কিনা, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার অভিযোগপত্র দাখিলের সময় বারবার পরিবর্তন হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।











