চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বাঁশখালীর নুরুল ইসলাম (৪৮) মারা গেছেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার মৃত মোস্তাফিজ সওদাগরের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নুরুল ইসলাম চট্টগ্রাম নগরীর একটি বাসায় দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিন দিন আগে ওই বাসায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।












