রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতের ওই অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার দাবি করেছেন তিনি। রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এ অভিযোগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী । শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগও করেন তিনি। তার প্রশ্ন, এসব ভাঙচুরের দায় কে নেবে এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্ব কে নেবে? খবর বিডিনিউজের।
এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’ শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল এবং রোববার এর শেষ দিন ছিল বলে জানান তিনি। পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।’
দিন কয়েক আগে একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। তার অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমার সাথে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সাথে বসুক, আমার সাথে বুঝুক।’











