মওলানা ভাসানীকে দেখার যতটুকু সৌভাগ্য হয়েছিল আমার

মুছা সিকদার | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

সালটা ঊনিশশত তিয়াত্তর, মাসটা সম্ভবত সেপ্টেম্বর কি অক্টোবর। আমি তখন বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী এবং চট্টগ্রাম কলেজের প্রথম বর্ষ অনার্সের ছাত্র। মওলানা ভাসানীর জনসভা লালদিঘির ময়দানে। পনের দিন আগে থেকে প্রচার কাজে আমাদেরকে মাঠে নামিয়ে দিল ন্যাপের নেতারা। টেক্সি করে প্রচারণার কাজে আমরা নামিয়ে পড়লাম। তখনকার দিনে যে কোন প্রচারণার কাজে ঘোড়ার গাড়িও ছিল। আমি ঘোড়ার গাড়িকে বেশি পছন্দ করতাম।

সভার দিন বিকেল ০২ টার পর থেকেই লালদিঘির মাঠ লোকে লোকারণ্য হতে লাগল। বিকেল ০৪ টার আগেই মওলানা ভাসানীকে নিয়ে সভা মঞ্চে হাজির হলেন ন্যাপের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা। বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা সভা মঞ্চের কাছেই অবস্থান নিলেন। বিপ্লবী ছাত্র ইউনিয়নের চট্টগ্রামের আমার সিনিয়র ভাইদের মধ্যে মওলানা ভাসানীর একদম যার কাছে যার অবস্থান নিলেন তাঁদের মধ্যে যতটুকু মনে আছে তাঁরা হলেন গিয়াসউদ্দিন ভাই, ওসমান ভাই, ফালান সাহা ভাই, মৃদুল ভাই, ইব্রাহিম হোসেন বাবুল ভাই, সুজিত চৌধুরী সহ আরো অনেকে। ন্যাপের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কাজী জাফর আহমদ, রাশেদ খান মেনন, মোস্তফা জামাল হায়দার, হায়দর আকবর খান প্রমুখ এবং চট্টগ্রামের নেতাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল নোমান, আলহাজ্ব বজলুস সাত্তার, ব্যরিস্টার সলিমুল হক খান মিল্কী, ক্যাপটেইন সামশুল ইসলাম, ব্যরিস্টার মাহাবুবুল কবির, জহুরুল ইসলাম ছুট্টু প্রমুখ। লোকে লোকারণ্য, পুরো লালদিঘি মাঠে তিল ধারনের জায়গা নেই। পরদিন সব পত্রিকার হেড লাইন স্মরণকালের বৃহত্তম জনসভা।

ঐ সভাতে আমিও সক্রিয় ছিলাম। আমার একটা আলাদা উৎসুক জাগল মনে। মওলানাকে আরো কাছে গিয়ে দেখতে। আমি ধীরে ধীরে মানুষের ভীড় ঠেলে মঞ্চের কাছাকাছি চলে গেলাম। এই প্রথম মওলানাকে বাস্তবে দেখলাম। খদ্দরের পাঞ্জাবি, বেতের টুপি লুঙ্গি পরা এই ইতিহাস সৃষ্টিকারী দুনিয়ার গরীব দুঃখী মেহনতী নির্যাতিত মানুষের প্রাণপ্রিয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। গোলগাল চেহারা একদম মুখভরা কাশফুলের চকচক করা সাদা দাড়ি। গভীর অন্তর দিয়ে দেখলাম, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার নির্যাতিত গণমানুষের মুক্তির কাণ্ডারী এই মওলানা ভাসানীকে।

তৎকালীন সরকারকে কঠোর হুশিয়ারি দিলেন, যাতে সাধারণ মানুষের অধিকার রক্ষিত হয়। সেই দিনের সেই জনসভায় যে কয়েকটি হুশিয়ারী বক্তব্য উচ্চারণ তার মধ্যে, ‘বাংলার মোঘলকে মানে নাই, বাংলার মানুষ পাঠানকে মানে নাই, বাংলার মানুষ বৃটিশ কে মানে নাই। বাংলার মানুষ পাকিস্তান মানে নাই, তাই তুমি হুশিয়ার হয়ে যাও, কোন অবস্থাতে বাংলার মানুষের অধিকার লঙ্ঘিত হতে দেব না। ‘পার্শ্বে ও অনতিদূরে অবস্থানরত পুলিশের দিকে আঙ্গুল তুলে বললেন অন্যায় করবে না, অন্যায় হুকুম মানবে না।

অনেকক্ষণ সভা চলার পর যথাসময়ে সভা সমাপ্ত হল।

রাজনৈতিক নেতাদের সাথে বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতারাও মওলানাকে হাতে হাত রেখে কর্ডন করে কটি গাড়িতে তুলে দিলেন। এরপর আমার আর ভাগ্য হয়নি মওলানাকে ঢাকায় কিংবা টাঙ্গাইলের সন্তোষে গিয়ে দেখার।

সময় বহমান, গড়িয়ে চলেছে, ইউনাইটেড পিপলস পার্টি গঠিত হল। স্বাভাবিক ভাবে আমরা এই পার্টির সদস্য হলাম। কিন্তু দুঃখ করে বলতে হয় আমরা যারা বিপ্লবী ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ পরবর্তীতে ইউপিপি এর সদস্য ছিলাম আমরা অনেকেই হতাশ হয়ে পড়লাম তখনই যখন কাজী জাফর তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। ফলে আমার মতো অনেককই রাজনীতি থেকে দূরে সরে গেলেন। আমাদের মধ্যে অনেকে আবার জাতীয় পার্টি কিংবা জাতীয় ছাত্র সমাজে যোগ দিল। এরশাদ সরকারের পতেন পর যখন গণতান্ত্রিক সরকার গঠিত হল তখন আমরা পুরানোরা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন নামে চট্টগ্রামে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন মওলানা ভাসানীর বিশেষ করে মৃত্যুবার্ষিকী পালন করতে থাকে। মওলানা ভাসানীর উপর যেখানে আলোচনা সভা সেমিনার শীর্ষক আলোচনা সভা হতো আমি প্রায়ই অংশগ্রহণ করতাম। সুযোগ পেলে মওলানা ভাসানীর সম্পর্কে দুই এক কথা বলতাম, শ্রদ্ধা জানাতাম।

সর্বশেষ ভাসানী অনুসারী পরিষদ ২০২২ খৃষ্টাব্দে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে যাওয়ার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম। এতে সার্বিক সহযোগিতা করেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ মওলানা ভাসানীর একান্ত ভক্ত জনাব রফিকুল ইসলাম বাবলু।

সূচী অনুযায়ী সন্তোষে যাবার একদিন আগে ঢাকায় চলে গেলাম আমরা কয়েকজন। ঢাকায় আমি আমার নাতি শুভ এর বাসায় উঠলাম। পরদিন সকালে আমরা পুরানা পল্টন আমাদের অফিসের সামনে জড়ো হলাম। ঠিক সময় দশটার দিকে সবাইকে নির্ধারিত বাসে করে সন্তোষের উদ্দেশ্যে বাসটি রওনা হল। পূর্ব থেকে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম বাবলু সন্তোষে মওলানা ভাসানীর ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন। আমরা যথাসময়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম। বাবলু ভাই আমাদেরকে স্বাগত জানালেন। দেখি লোকে লোকারণ্য, সর্বস্তরের বয়সের মানুষ। বিভিন্ন ছাত্র সংগঠন মওলানা ভাসানীর নামে স্লোগান দিচ্ছে। ঐদিন ঐ সময়ে চট্টগ্রাম থেকে আমরা যারা ছিলাম তার মধ্যে আমি কাশেম শরীফ সেলিম নুর কামালউদ্দীন প্রমুখ। দেখলাম এটা একটা মওলানা ভাসানীর শুধু বার্ষিক মৃত্যুদিবসের স্মরণ সভা নয়, এটা দেখছি একটা মেলা শত রকমের পসরা সাজানো, দেখছি এটা একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মওলানা ভাসানীর উপর সভা, এটা একটা মওলানা ভাসানীর ওরস মাহফিল, এটা একটা গ্রাম্য প্রয়োজনীয় গৃহস্থালির দ্রব্যাদি কেনার জমজমাট বাজার। ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমরা। ১৯৭৩ খৃষ্টাব্দে হুজুর ভাসানীকে জীবিত দেখলাম, এখন দেখলাম মৃতভাসানী। অবস্থা ও পরিবেশ দেখে মনে হল হুজুর ভাসানী এখনো জীবিত। মৃত ভাসানী আরো শক্তিশালী মৃত ভাসানী আরো জনপ্রিয়।

হুজুর ভাসানীর মাজার দেখলাম, পাশ্বে রাখা ছোট কুঁড়েঘর। সাথে মসজিদ। সামনে বিশাল মাঠ, অনতিদূরে একটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয়। সারাদিন হৈ হুল্লোড়, উৎসবমুখর পরিবেশ। আমি জোহরের নামাজ পড়লাম, তারপর হুজুরের মাজার জেয়ারত করলাম। অল্পক্ষণ পর কে জানি আমাদেরকে ডাক দিয়ে নিয়ে গেল খাবার স্থল হুজুর ভাসানী প্রতিষ্ঠিত হাই স্কুল মাঠে। বুফে সিস্টেমের মত বাসন সংগ্রহ করে ভাত তরকারি এক সাথে। যার যার মত করে খেয়ে নিলাম। আমরা আমাদের সভায় বক্তব্য রাখলাম। বিকেল তিনটার দিকে আমরা অনতিদূর জাহ্নবী হাই স্কুল মাঠে রাখা বাসটির উঠে পড়লাম।

আমার জীবনে হুজুর ভাসানীকে দুই বার দেখার ভাগ্য আমার হয়েছে। একবার জীবিত ভাসানীকে আর একবার মৃত ভাসানীকে। মওলানা ভাসানী যে শুধু বাংলার জনগণের নেতা নন, সারা বিশ্বের অধিকার বঞ্চিত মানুষের নেতা। নির্যাতিত নিপীড়িত গণমানুষের মুক্তির কাণ্ডারী। সকল শ্রেণির সকল পেশার মধ্যমণি তিনি। হাতে গোনা যে কয়জন বিশ্ব রাজনীতিবিদ রাষ্ট্র দার্শনিক তার মধ্যে মওলানা ভাসানী একজন। বিদায় বেলায় এই মহান রাষ্ট্র দার্শনিক কে আমার সশ্রদ্ধ সালাম ও আবারো শ্রদ্ধা। সর্বশেষে যুগ যুগ জিও তুমি, হে মওলানা ভাসানী।

লেখক: প্রাক্তন অধ্যক্ষ, খলিল মীর ডিগ্রি কলেজ, পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সংকট ও বহুমাত্রিক সমস্যা
পরবর্তী নিবন্ধশঙ্কর মঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন