মইজ্জ্যারটেকে ২২ মামলার আসামির পায়ুপথে মিলল ৩২০ ইয়াবা

পৃথক অভিযানে ৯৪৪০ ইয়াবাসহ গ্রেপ্তার বাস সুপারভাইজার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। অন্যজন একটি দূরপাল্লার বাসের সুপারভাইজার, তার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মইজ্জ্যারটেক ও কর্ণফুলী টানেল এলাকার পৃথক চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কোরালতলী গ্রামের বেপারী বাড়ির মৃত সেকীম আলী বেপারীর ছেলে ২২ মামলার আসামি মো. আব্বাস বেপারী (৪৯) এবং বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের গোলাম আলী মুন্সির বাড়ির আবুল কাশেমের ছেলে মো. আশরাফুল আরেফিন সাজ্জাদ (২৫)।

অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে মইজ্জ্যারটেক চেকপোস্টে আইকনিক এক্সপ্রেসের একটি বাস তল্লাশির জন্য থামানো হয়। এ সময় বাসের যাত্রী আব্বাস বেপারীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি শরীরের পায়ুপথে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আব্বাস বেপারী কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২২টি মামলা রয়েছে। অন্যদিকে, কর্ণফুলী টানেল এলাকার চেকপোস্টে একই রাত ৩টার দিকে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া এসআই মাহিন সরওয়ার জানান, আইকনিক এক্সপ্রেসের আরেকটি বাস তল্লাশির জন্য থামানো হলে বাসটির সুপারভাইজার আশরাফুল আরেফিন সাজ্জাদের ব্যাগে তল্লাশি চালানো হয়।

এ সময় ব্যাগে লুকানো ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসেবায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহায়তা চাইলেন জুবাইদা রহমান
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট কামাল চেয়ারম্যান