ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং দীর্ঘদিনের ভোগান্তি ও অনিয়ম দূর করতে চালু হচ্ছে ডিজিটাল ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম (খঅজগঝ)। প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এ সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। খবর বাংলানিউজের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং জনভোগান্তি দূর করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি খঅজগঝ সফটওয়্যার চালুর ফলে ভূমি অধিগ্রহণসংক্রান্ত আবেদন, যাচাই–বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেটে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল বিশ্লেষণ করে শিগগিরই সারাদেশে এ সিস্টেম বাস্তবায়ন করা হবে। এর ফলে জমির প্রকৃত মালিকেরা মধ্যস্বত্বভোগী ও হয়রানির শিকার না হয়ে ঘরে বসেই অনলাইনে তাঁদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রচলিত ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতি না থাকায় ভূমির মালিকদের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমেও নানা ধরনের ভোগান্তি ছিল। অটোমেশন পদ্ধতি চালু হলে মাত্র কয়েক দিনের মধ্যেই নির্ভুলভাবে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। আপাতত পাইলটিং কার্যক্রমের মাধ্যমে কক্সবাজার ও সিলেট জেলাকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সারাদেশে অটোমেশন ব্যবস্থা কার্যকর করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান। এ সময় কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।












