ভুয়া কাগজপত্র দেখিয়ে এনসিটি ইয়ার্ড থেকে পণ্যবোঝাই কন্টেনার পাচার

হালিশহরে গ্যারেজে অভিযান চালিয়ে উদ্ধার । জড়িত সংঘবদ্ধ চক্র, তদন্তে কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই আস্ত কন্টেনার পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পাচারকৃত কন্টেনারটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কন্টেনার পাচারের এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে বের করার চেষ্টা চলছে বলে বন্দর সচিব রেফায়েত হামিম জানিয়েছেন।

বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ব্যাকআপ ইয়ার্ড থেকে ভুয়া অনচেসিস অনুমতিপত্র, চালান ও গেটপাস ব্যবহার করে পণ্য বোঝাই একটি কন্টেনারটি ট্রেইলরে করে বের করে নেয়া হয়। পরবর্তীতে জানা যায় যে, কাগজপত্রগুলো ভুয়া। কন্টেনারটি সংঘবদ্ধ একটি চক্র বের করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মাঠে নামে বন্দরের নিরাপত্তা বিভাগ। দিনভর তথ্যপ্রযুক্তির ব্যবহার গোয়েন্দা অনুসন্ধান শেষে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ হালিশহরের বারনীঘাট এলাকাস্থ শাহজালাল ট্রাক টার্মিনালের পাশের একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রেইলরসহ কন্টেনারটি উদ্ধার করা হয়। অভিযানের সময় কন্টেনারটি পাচারের সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে বন্দর সচিব জানান।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এই ব্যাপারে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি বন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও সচিব জানান। তবে মামলা রেকর্ড করতে কিছুটা সময় লাগার কথা উল্লেখ করে বন্দর থানা পুলিশ জানিয়েছে, কন্টেনারটি ভিতরে কি মালামাল রয়েছে তার প্রতিটিরই বিবরণ লাগবে। এজন্য বন্দর এবং কাস্টমস যৌথভাবে কন্টেনারটি খোলার পর প্রয়োজনীয় তালিকা তৈরি করে মামলা রেকর্ড করতে হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেনার পাচারে জড়িতদের নাম ধাম তদন্তের স্বার্থেই প্রকাশ করেনি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর এই ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে বলেও বন্দর সচিব জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিস্ট সরকারের আমলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার : সংসদে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকাজ শেষ পর্যায়ে, চালু ডিসেম্বরে