ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্রতে সেমিফাইনালে বাংলাদেশ

সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। ‘এ’ গ্রুপের খেলায় গতকাল রাতে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা–ভুটান ম্যাচ ২–২ গোলে ড্র হয়। এতেই বাংলাদশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। দুই গ্রুপে তিনটি করে দল। দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে ভুটান দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে, শ্রীলঙ্কার এক ম্যাচে এক পয়েন্ট। বাংলাদেশ ভুটানকে হারিয়ে এক ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে। পরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারলেও তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। গতকাল ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে ভুটান সেমিফাইনাল খেলতে পারবে। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে। জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ছিল শ্রীলঙ্কা। প্রবাসী ফুটবলার আসার পর শ্রীলঙ্কার ফুটবলের চিত্র অনেকটাই বদলে গেছে। ৩০ মিনিটের মধ্যে শ্রীলঙ্কা মুহুর্মুহু আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিল। খেলার ধারার বিপরীতে ভুটান গোল পায় ৩৪ মিনিটে। ভুটানের অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন একক প্রচেষ্টায় লঙ্কান ডিফেন্ডার ও গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করে বক্সে পাস বাড়ান। ভুটানিজ ফরোয়ার্ডের শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে কিংগা ওয়াংচুক প্লেসিং শটে বল জালে জড়ান। ভুটানে উৎসব অবশ্য এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। কিক অফের পরপরই অলিভার জেমসের দূরপাল্লার শটে ভুটানের রক্ষণ ও গোলরক্ষক বোকা বনে যান। সমতা আসে খেলায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে সংঘবদ্ধ এক আক্রমণে ওয়াসিম রাজ্জাকের দারুণ হেডে শ্রীলঙ্কা ম্যাচে লিড নেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ৬৭ মিনিটে ভুটান পেনাল্টি পায়। দলের সবচেয়ে সিনিয়র ও নির্ভরযোগ্য ফুটবলার চ্যানচো গ্যালেস্টাইন পেনাল্টি শট নেন। শ্রীলঙ্কার অধিনায়ক গোলরক্ষক সুজন পেরেরা দারুণ দক্ষতায় সেভ করেন। সেই পেরেরা নয় মিনিট পর ভুল করেন। বক্সের বাইরে থেকে নেয়া এক শট পেরেরা গ্রিপ করতে পারেননি ঠিকমতো। বল যায় বক্সে থাকা ভুটানের খেলোয়াড়ের কাছে। সেখান থেকে বল পেয়ে চ্যানচো দুর্দান্ত শটে গোল করেন এতে ম্যাচে আবার সমতা আসে। ৯০ মিনিটে ভুটানের বক্সে লঙ্কান ফরোয়ার্ড ফাউলের শিকার হয়ে পেনাল্টি দাবি করলেও রেফারির দৃষ্টি পড়েনি। ইনজুরি সময়ে ভুটানের গোলরক্ষক দুর্দান্ত এক সেভ করে দলকে এক পয়েন্ট পাইয়ে দেন।

এদিকে ভারতের কাছে প্রথম ম্যাচে হারলেও ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান গতকাল ৩–০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতে এই গ্রুপ থেকে পাকিস্তানই সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপে তিন দল। প্রতি দল দু’টো করে ম্যাচ খেলবে। পাকিস্তান ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩ ও গোল ব্যবধান +২। ভারতের এক ম্যাচে তিন পয়েন্ট ও +১। মালদ্বীপের শূন্য পয়েন্ট ও –৩ গোল ব্যবধান। মালদ্বীপের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ১১ নভেম্বর। ঐ ম্যাচে মালদ্বীপ ৩ গোলের ব্যবধানে জিতলে তাদের গোল ব্যবধান দাড়াবে +০ আবার ভারতেরও –২। তখন তিন দলেরই সমান তিন পয়েন্ট হলেও পাকিস্তান +২ গোল ব্যবধান নিয়ে এগিয়ে থাকবে। মালদ্বীপ এক গোলের ব্যবধানে হারালে অবশ্য ভারত শূন্য গোল ব্যবধানে থেকে মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকবে। আর দুই গোলের ব্যবধানে হারলে তখন অবশ্য মালদ্বীপ ও ভারতের গোল ব্যবধান সমান হবে। সাফের বাইলজের ১১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, দুই কিংবা ততোধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড দেখা হবে। মালদ্বীপ ভারতকে হারালে পাকিস্তান, ভারত ও মালদ্বীপ তিন দলেরই সমান তিন পয়েন্ট হবে এবং তিন দলই পরস্পর পরস্পরের বিপক্ষে জয়–পরাজয় রয়েছে। এই ধারায় সমতা থাকায় পরের ধারায় রয়েছে দলগুলোর মধ্যে গোল পার্থক্য। এই অংশেই পাকিস্তানের বর্তমান অবস্থান গ্রুপে শীর্ষ দুই নম্বরে থাকা নিশ্চিত করে। মালদ্বীপের কিংবা ভারতের জয় অথবা ড্র কিছুই পাকিস্তানকে গ্রুপে শীর্ষ দ্বিতীয় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। মালদ্বীপ ভারতকে দুই গোলের ব্যবধানে হারালে তখন মালদ্বীপ ও ভারতের সমান তিন পয়েন্ট ও –১ গোল ব্যবধান হবে। সেক্ষেত্রে ২০ অনুচ্ছেদের পরবর্তী ধাপ অনুসরণ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে কারা বেশি গোল করেছে। বাইলজ ও গাণিতিক হিসাব নিকাশে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এরপরও সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, ‘গ্রুপ পর্বের সকল খেলা শেষ হওয়ার আগে আমরা আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত কোনো বিবৃতি বা অবস্থান ব্যক্ত করতে পারি না। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী আপনারা হিসাব–নিকাশ করতে পারেন।’

পূর্ববর্তী নিবন্ধআকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট কাল শুরু
পরবর্তী নিবন্ধপরীমনিকে উকিল নোটিস