ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌর একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার উত্তরপশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। খবর বিডিনিউজের।

এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনার পর ভবনটি থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত তিন তলা ওই ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকান এবং অন্যান্য দোকান রয়েছে। আলিগঞ্জ এলাকার এই কোচিং সেন্টারটি যথেষ্ট জনপ্রিয়। সব সময় সেখানে শিক্ষার্থীদের ভিড় লেগে থাকে। সোমবার দুপুরেও বহু শিক্ষার্থী সেখানে পড়তে গিয়েছিল। ওই বিল্ডিংয়ের দোতলায় কোচিং সেন্টার, পাশে রয়েছে গেমিং জোনও। প্রত্যক্ষদর্শীরা ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানান, তিন তলা ভবনটির ওপরের তলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাণ বাঁচাতে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়েন, যাদের মধ্যে একজনের হাড় ভেঙে গেছে। কয়েকটি ভিডিয়োতে দেখা গেছে, কোচিং সেন্টার ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেকেই দোতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে পালানোর চেষ্টা করছেন। কিন্তু এর জেরে আহত হন অনেকে। আগুন থেকে প্রাণ বাঁচাতে বহু ছাত্রছাত্রী জানালা দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করেন। কেউ কেউ ভবনের বাইরে তার ধরে ঝুলে নামেন এবং কয়েকজনকে নিচে ঝাঁপ দিতেও দেখা যায়। খবর পেয়ে দ্রুত দমকল, পুলিশ এবং উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেশ ৭৪.৪২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদিল্লির রাজপথেই থাকবেন ককোরোচ পার্টির সমর্থকরা