ভারতকে নরকের কুঠুরি বলা মন্তব্য শেয়ার দিলেন ট্রাম্প, নয়া দিল্লির প্রতিবাদ

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া উচিত কিনা, তা নিয়ে এক বিতর্কে ভারতকে ‘নরকের কুঠুরি’ আখ্যা দেওয়া মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেয়ার করায় তার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়া দিল্লি। ওই মন্তব্যকে ‘অজ্ঞতাপ্রসূত’ ও ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে ভারত বলেছে, এটি দুই দেশের মজবুত সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজ তার রেডিও টক শো স্যাভেজ নেশনের এক পর্বে ভারতকে নিয়ে ওই মন্তব্য করেন। মন্তব্যের লিখিত প্রতিলিপি বৃহস্পতিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

ওই পর্বে স্যাভেজ বলেন, এখানে একটি শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই নাগরিক হয়ে যায় এবং তারপর তারা চীন বা ভারত বা পৃথিবীর অন্য কোনো ‘নরকের কুঠুরি’ থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে। এখনকার অভিবাসীদের মধ্যে আমেরিকার প্রতি আনুগত্য নেই বলেও তিনি মন্তব্য করেন।

ট্রাম্প প্রশাসন এখন জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উপায় খর্বের চেষ্টা করছে, যা দেশটির সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ট্রাম্প ওই রেডিও শোর অনুলিপি পোস্ট করলেও নিজের পক্ষ থেকে কোনো মন্তব্য যোগ করেননি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে অভিযানে ২২ তালেবান জঙ্গি নিহত
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গ বিধানসভা : প্রথম দফা ভোটের পর পাল্লাভারির পাল্টাপাল্টি দাবি