নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যাডমিন্টন টুর্নামেন্টের বালক একক এবং বালক দ্বৈত উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এককে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। দ্বৈতে চট্টগ্রাম অঞ্চল খুলনা অঞ্চলের কাছে হেরে রানার্স আপ হয়েছে। এবারের প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিদের মধ্যে এটাই সেরা সাফল্য। প্রতিযোগিতার বালক এককের ফাইনালে খুলনা অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ তানভীর–এর মুখোমুখি হয় চট্টগ্রাম অঞ্চলের রুদ্র ত্রিপুরা। ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত গতি ও শট খেলে নিয়ন্ত্রণ বজায় রাখেন রুদ্র। শেষ পর্যন্ত ২১–১৭ ও ২১–১৬ পয়েন্টের ব্যবধানে সরাসরি সেটে জয় তুলে নিয়ে বালক এককের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই তরুণ শাটলার।
এককের ফাইনালে হারের আক্ষেপ দ্রুতই ঘুচিয়ে নেন খুলনার শেখ মোহাম্মদ তানভীর। বালক দ্বৈতের ফাইনালে চট্টগ্রাম অঞ্চলের রুদ্র ত্রিপুরা ও প্রানন চাকমা জুটিকে কঠিন লড়াইয়ে হারিয়ে দেয় খুলনার শেখ মোহাম্মদ তানভীর ও রিফাতুল ইসলাম জুটি। প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ২১–১৭ ও ২১–১১ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে বালক দ্বৈতের শিরোপা নিজেদের করে নেয় তানভীর–রিফাতুল জুটি। চট্টগ্রাম হয় রানার্স আপ।












