হাটহাজারীর সরকারহাট বাজারে ব্যাংক থেকে টাকা তুলে লন্ড্রির দোকানে যাওয়ার পর এক নারীর ব্যাগ থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে গেছে। এ ঘটনায় বোরকা পরা অজ্ঞাতনামা এক নারীকে সন্দেহ করে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগকারী নাজু আরা বেগম (৪৯) মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী।
থানায় দেওয়া অভিযোগে নাজু আরা বেগম উল্লেখ করেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক প্রয়োজনে জনতা ব্যাংকের সরকারহাট শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে ব্যাগে রাখেন তিনি। পরে একটি লন্ড্রির দোকানে যান। এ সময় বোরকা পরা অজ্ঞাতনামা এক নারীও তার সঙ্গে ওই দোকানের দিকে যান। একপর্যায়ে ব্যাগ হালকা মনে হলে খুলে দেখেন, সেখানে টাকা নেই। এরপর থেকে ওই নারীকে আর দেখতে পাননি তিনি।
এ ঘটনায় গতকাল থানায় অজ্ঞাতনামা ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নাজু আরা বেগম। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।










