‘পরিচ্ছন্ন করি নগর–গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে সরকারি দপ্তরসমূহের পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ভবনের ছাদ ও আঙ্গিনা পরিষ্কারের মধ্যদিয়ে সরকার নির্দেশিত এ কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। এসময় তিনি বলেন, কর্মপরিবেশ উন্নয়ন ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার সামাজিক আন্দোলন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এই কর্মসূচি অনুযায়ী সরকারি দপ্তরসহ সকল নাগরিককে নিজেদের আবাসস্থল পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন,এই কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে পরিচ্ছন্নতাকে স্থায়ী সংস্কৃতিতে পরিণত করাই প্রশাসনের লক্ষ্য। বোয়ালখালীতে ২৬টি সরকারি দপ্তরের ৫৩টি ভবনের ছাদ ও আঙ্গিনা পরিষ্কার করা হবে। এছাড়া ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে। পাশাপাশি ১০৭টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৪টি স্কুল কলেজ ও মাদ্রাসাও স্ব–স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করবে। উপজেলায় আনুমানিক ৭ লাখ ২৬ হাজার স্কয়ারফুট এলাকা পরিচ্ছন্ন করা হবে বলে জানান তিনি। পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মৃণাল কান্তি ধর, প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, উপজেলা উপ–সহকারি প্রকৌশলী ফারুক হোসেন ও পৌরসভা উপ–সহকারি প্রকৌশলী কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।











