বোয়ালখালীতে দিন দুপুরে যাত্রীবেশে আবদুল নবী (৪৫) নামের এক চালককে কুপিয়ে সিএনজি টেক্সি ছিনতাই করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খোকার দোকান সংলগ্ন অশ্বিন চন্দ্রের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আবদুল নবী পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া হাজী মনিরুল ইসলাম সওগাদরের পুরাতন বাড়ির মৃত আবদুস ছবুরের ছেলে।
আবদুল নবীর ভাইপো মো. জাবেদ বলেন, তুলাতল থেকে সিএনজি টেক্সি করে দুইজন লোকাল যাত্রী খোকার দোকানের দিকে যাচ্ছিলেন। খোকার দোকান পার হলে সিএনজি টেক্সি থেকে পিছন দিকে এক যাত্রী চালকের ঘাড়ে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেন। পরে এলোপাতাড়ি আমার চাচাকে কুপিয়ে জখম করেন এবং সিএনজি টেক্সিটি নিয়ে যান। এসব দৃশ্য দেখে অপর যাত্রী পালিয়ে যান। খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছিনতাইকৃত সিএনজি টেক্সিটি চরণদ্বীপ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীকে ধরার চেষ্টা চলছে।











