বোয়ালখালীতে কারখানার ম্যানেজারসহ তিনজন গ্রেপ্তার, মামলা করলেন মা

চোর সন্দেহে বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে চোর সন্দেহে হাসমত আলী (৩৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় একটি ফেব্রিক্স কারখানার ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত রোববার রাতে নিহত হাসমত আলীর মা মাজমা বেগম বাদী হয়ে বোয়ালখালী থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে এই মামলা করেন।

নিহত হাসমত আলী পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং তার তিনটি সন্তান রয়েছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিক্স লিমিটেড’ নামে একটি কারখানায় প্রবেশ করেন হাসমত আলী। এ সময় চোর অপবাদ দিয়ে তাকে আটকে দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় হাতপা বাঁধা অবস্থায় দীর্ঘ সময় তাকে কারখানায় ফেলে রাখা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরের দিকে হাসপাতাল চত্বর থেকে ওই কারখানার তিন কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিসমিল্লাহ ফেব্রিঙের মানবসম্পদ (এইচআর) বিভাগের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, জেনারেল অ্যাডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম এবং সিকিউরিটি শিফট ইনচার্জ আমির হোসেন।

বোয়ালখালী থানার ওসি মাহাফুজুর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের মায়ের দেওয়া এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পরপরই আটক হওয়া কারখানার তিন কর্মকর্তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে গভীর রাতে বজ্রপাত, প্রাণ গেল ৩ মাসের শিশুর
পরবর্তী নিবন্ধহাম ও উপসর্গ আরো ১৭ শিশুর মৃত্যু