অবিরাম বৃষ্টি আষাঢ়ের এই দুপুরে
ঝরে পড়ে রিমঝিম মেঘ রাগিণী সুরে
আকাশের নীল মুখ মেঘ ঢাকা আঁচলে
গ্রীষ্মের খরতাপ ধুয়ে মুছে নেয় জলে।
টিন চালে বৃষ্টিটা তোলে সুর ছন্দ
উঠোনে বৃষ্টি ভেজা বেলীর সুগন্ধ
সারাবাড়ি রাখে মৌ বাতাসের সাথে
বৃষ্টির নৃত্যটা ভালো লাগে রাতে।
আম জাম কাঠালের গ্রীষ্মের শেষে
ঝরোঝরো বর্ষাও আসে ভালোবেসে
নদী জলে জলফোঁটা ঢেউয়ে তোলে সুর
আনন্দে বয়ে যায় অজানা সুদূর।
বৃষ্টির ফাঁকে ফাঁকে শীতল হাওয়া
কোমল আদরে এসে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
মনে করে দেয় এলো আষাঢ় শ্রাবণ
বৃষ্টির এই বর্ষাটা মিষ্টি আপন।






