মর্যাদাপূর্ণ ‘টাইম ১০০ ফিলানথ্রপি ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এ স্বীকৃতির মাধ্যমে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে তালিকাটিতে অন্তর্ভুক্ত হলেন। বৈশ্বিক উন্নয়ন ও মানবিক সহায়তায় অবদানের স্বীকৃতি হিসেবে মার্কিন সাময়িকী টাইম তাকে এ সম্মাননা দিয়েছে। খবর বাংলানিউজের।
প্রতি বছর টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী ১০০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘টাইম ১০০ ফিলানথ্রপি’ তালিকায় অন্তর্ভুক্ত করে, যারা সমাজ পরিবর্তন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ২০২৬ সালের তালিকায় বৈশ্বিক উন্নয়ন, মানবিক সহায়তা ও কাঠামোগত পরিবর্তনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। আসিফ সালেহ ‘লিডারস’ ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছেন।
স্থানীয় নেতৃত্বভিত্তিক উন্নয়ন মডেল এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক সহায়তায় আরও ন্যায্য ও টেকসই পদ্ধতির পক্ষে কাজ করার জন্য তাকে সম্মানিত করা হয়েছে। তালিকায় তার সঙ্গে রয়েছেন রাজীব জে শাহ, ইদ্রিস এলবা, সাবরিনা ধৌরে এলবা ও ফুটবলার লিওনেল মেসির মতো বিশ্বখ্যাত ব্যক্তিরা।













