এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির করা এক মতবিনিময়ে এ সিদ্ধান্ত হয়। এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল বিকালে শিক্ষালয়টির সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ–উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। খবর বিডিনিউজের।
উপাচার্যদের নিয়ে মতবিনিময় সভার পর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, ‘সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’ ইউজিসির এক সদস্য বলেন, ‘আমাদের এ সিদ্ধান্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য।’
ইউজিসি চেয়ারম্যান বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কম। ২০২৭ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এখন শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করছে, তার ব্যাখ্যায় অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সেশনজটের আশঙ্কায় ‘যথাসময়ে’ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা কোভিডের কারণে প্রায় এক থেকে দেড় বছর পিছিয়ে পড়েছি। সেটা ওভার করতে আমাদের চার বছর লেগেছে। এখন আমরা যদি আবার ভর্তি পরীক্ষা নিতে প্রায় তিন মাস পিছিয়ে দেই, তাহলে আবার সেশনজট সৃষ্টি হবে। ফলে ভর্তি পরীক্ষা পেছালে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার আগের পরিস্থিতিতে পড়বে।’












