বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী

ঘণ্টায় গাড়িটির সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমূল ইসলামের তৈরি ‘স্মার্ট কার’ এ চড়ে ঘুরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ওয়াকিমূলের তৈরি বাহনটি প্রধানমন্ত্রী দেখেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে উঠেছেন, কিছুটা পথ ওয়াকিমূল প্রধানমন্ত্রীকে নিয়ে ড্রাইভ করে গাড়িটি দেখিয়েছেন। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই স্মার্ট কার তৈরির কথা শুনে প্রধানমন্ত্রী ওয়াকিমুল ইসলামের প্রশংসা করেছেন। তাকে উৎসাহ দিয়েছেন তার এই কাজের জন্য। ব্যাটারি চালিত গাড়িটির নাম রাখা হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’। সে সময় এই গাড়িটি কীভাবে তৈরি করা হয়েছে ওয়াকিমুল ইসলামর কাছে থেকে সেই গল্পও শুনেছেন প্রধানমন্ত্রী। খবর বিডিনিউজের।

ওয়াকিমুল বলেন, এক সময় সারাদিন তিনি বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে বাইরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে এই গাড়িটি বানানো শুরু করেন তিনি।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব বলে জানিয়েছেন ওয়াকিমুল। এই গাড়িটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন। তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ওয়াকিমুল ইসলামের প্রশংসা করেন। একই সঙ্গে কম খরচে আরো আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন প্রধানমন্ত্রী। এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএখনো জ্ঞান ফেরেনি রেশমির
পরবর্তী নিবন্ধপ্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাদের পাশে চান তারেক রহমান