যতোই তুমি সমুদ্রের কাছে
সমুদ্র উড়ে যাবে অন্য কোথাও,
সমুদ্র তোমাকে সাপোর্ট দেবে না আজ
তুমি বরঞ্চ ট্রেন ছেড়ে একা ছুটে এসো
নিরালা প্রবাল দ্বীপে– এখানে আমি আছি
আছে আমার বিশাল উদার বুক
তুমি আসলে এখোন কোথায় আছো
সপ্তসঙ্গীর নিরুপদ্রব ছায়ায়
শুকিয়ে যাবে তোমার ফুটন্ত দেহ
শুকনো হরিতকির মতো
বরঞ্চ তুমি একটু সবুর করো
পান্থশালার সুবিন্যস্ত কামরায়
ইচ্ছেমতো সঞ্চালিত হও
বন্য শিহরণে– নির্ভুল নৈকট্যে
উদ্বাহু দাঁড়িয়ে উম্মাদ আমার আঙুল
যতোই তুমি সমুদ্রের দিকে– সীমান্ত
এসে ছুঁয়ে দেবে উষ্ণ ধূসর বুক
নিম্নগুহায় তপ্ত জলযান
দিকভ্রান্ত তরীর মতো আটকে যাবে
আমার পিয়াসী ঠোঁট…






