জেতার জন্য কথা বলা নয়, সত্যকে বোঝার জন্য কথা বলাই বিতর্কের প্রকৃত উদ্দেশ্য। একজন বিতার্কিকের কণ্ঠের দৃঢ়তার চেয়ে গুরুত্বপূর্ণ তাঁর চিন্তার গভীরতা, বিষয় সম্পর্কে তাঁর জ্ঞান, বক্তব্যের পেছনে নির্ভরযোগ্য তথ্য এবং প্রতিপক্ষের কথা শোনার মানসিকতা।
বিতর্ক শুধু কথা বলার প্রতিযোগিতা হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব হারিয়ে যায়। এটি মানুষের চিন্তাকে পরিশীলিত করার একটি অনুশীলন। বিতর্ক প্রশ্ন করতে শেখায়, তথ্য যাচাই করতে শেখায়, নিজের ধারণাকে পরীক্ষা করতে শেখায় এবং ভিন্নমতের প্রতি সম্মান তৈরি করে। তবে বিতর্ক সব সময় মানুষকে যুক্তিবাদী করে তোলে না। সত্যের চেয়ে যখন জয় বড় হয়ে ওঠে, তখন যুক্তির জায়গা দখল করে নেয় জেদ এবং আলোচনা পরিণত হয় ব্যক্তিগত আক্রমণে।
বিতর্কের আসল শক্তি তাই কথার তীব্রতায় নয়, চিন্তার সততায়। একজন মানুষ বিতর্ক থেকে কি শিক্ষা গ্রহণ করছেন, সেটিই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই বিতর্কের কয়েকটি গভীর উপলব্ধি সামনে আসে।
১.প্রশ্ন করার সাহস অর্জন করা: জ্ঞান শুধু উত্তর জানার মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক সময় একটি সঠিক প্রশ্ন মানুষের চিন্তার দরজা খুলে দেয়। কেন এমন ঘটল, এর পেছনে কী প্রমাণ রয়েছে, অন্যভাবে কি বিষয়টিকে দেখা সম্ভব, এমন প্রশ্ন চিন্তার পরিধি বাড়ায়। সক্রেটিসের চিন্তাপদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রশ্ন। তিনি প্রশ্নের মাধ্যমে মানুষকে নিজের বিশ্বাস ও ধারণা নিয়ে ভাবতে উৎসাহিত করতেন। কোনো বিষয়কে সত্য হিসেবে গ্রহণ করার আগে সেটিকে যাচাই করা দরকার, তাঁর চিন্তায় এই শিক্ষা গুরুত্বপূর্ণ। তবে প্রশ্নের উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ। কাউকে বিপাকে ফেলার জন্য প্রশ্ন করলে বিরোধ তৈরি হয়, সত্যকে বোঝার জন্য প্রশ্ন করলে জ্ঞানের জন্ম হয়। তাই ভালো বিতার্কিকের পরিচয় শুধু উত্তর দেওয়ার ক্ষমতায় নয়, সঠিক প্রশ্ন করার দক্ষতায়ও প্রকাশ পায়। নিজের অজ্ঞতাকে স্বীকার করাও শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ।
২.মতামতের আগে তথ্যকে গুরুত্ব দেওয়া: বর্তমানে একটি কথা খুব অল্প সময়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়। কেউ কিছু বললেই সেটি সত্য হয়ে যায় না। অনেক মানুষ বিশ্বাস করছে বলেও কোনো তথ্য সত্য প্রমাণিত হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।
বিতর্কের প্রস্তুতি একজন শিক্ষার্থীকে বক্তব্যের উৎস খুঁজে দেখা, তথ্য যাচাই করা এবং ভিন্ন উৎসের সঙ্গে মিলিয়ে নেওয়ার অভ্যাস তৈরি করতে পারে। ফ্রান্সিস বেকনের সঙ্গে যুক্ত বিখ্যাত ধারণা হলো, জ্ঞানই শক্তি। কিন্তু ভুল বা যাচাইহীন তথ্যের ওপর দাঁড়ানো জ্ঞান বিভ্রান্তির কারণ হতে পারে।
একই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে তথ্য খুঁজতে গেলে একজন বিতার্কিক বুঝতে পারেন, কোনো ঘটনা সব সময় একদিক থেকে বিচার করা যায় না। তিনি তথ্য ও মতামতের পার্থক্য বুঝতে শেখেন এবং উপলব্ধি করেন, আত্মবিশ্বাসের সঙ্গে কোনো কথা বলা আর কথাটি সত্য হওয়া এক বিষয় নয়।
৩.নিজের মতকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো: অন্যের ভুল খুঁজে বের করা সহজ, নিজের ভুল স্বীকার করা কঠিন। মানুষ সাধারণত নিজের ধারণাকে সমর্থন করে এমন তথ্য গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু সত্যের প্রতি সৎ থাকতে হলে নিজের বিশ্বাসকেও পরীক্ষা করতে হয়। জন স্টুয়ার্ট মিলের চিন্তায় ভিন্নমতকে বোঝার গুরুত্ব বিশেষভাবে দেখা যায়। বিপরীত মত সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে নিজের মতের শক্তি ও দুর্বলতা পুরোপুরি বোঝা সম্ভব নয়।
একজন শিক্ষার্থী যদি নিজের মতকে প্রশ্ন করার অভ্যাস তৈরি করেন, তাঁর চিন্তা আরও পরিণত হবে। ভুল প্রমাণিত হওয়া মানেই পরাজয় নয়। নিজের ভুল বুঝতে পারা এবং তা সংশোধন করার সাহসও এক ধরনের অর্জন। প্রকৃত যুক্তিবাদী মানুষ নিজের মতকে সম্মান করেন, কিন্তু সত্যকে তার চেয়েও বেশি সম্মান করেন।
৪.অন্যের কথা শোনা এবং ভিন্নমতকে সম্মান প্রদর্শন: বিতর্ক মানেই শুধু নিজের কথা বলা নয়। ভালো বিতর্কের একটি বড় অংশ হলো মনোযোগ দিয়ে শোনা। অন্য ব্যক্তি কী বলতে চাইছেন, সেটি না বুঝেই তাঁর বক্তব্যের উত্তর দেওয়া প্রকৃত বিতর্ক নয়। একজন দক্ষ বিতার্কিক শুধু প্রতিপক্ষের দুর্বলতা খোঁজেন না, তাঁর যুক্তির শক্তিও বোঝার চেষ্টা করেন। তারপর দুর্বল জায়গাগুলো নিয়ে প্রশ্ন তোলেন।
ভলতেয়ারের সঙ্গে একটি বহুল প্রচলিত বক্তব্য জড়িয়ে আছে, যেখানে নিজের মতের বিরোধী মত প্রকাশের অধিকারকেও সম্মান করার কথা বলা হয়েছে। বাক্যটি সরাসরি তাঁর লেখা নয়, তবে ভিন্নমতের প্রতি সহনশীলতার ভাবটি তাঁর চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয়।
ভিন্নভাবে চিন্তা করা মানেই ভুল মানুষ হওয়া নয়। কারও বক্তব্যের সঙ্গে একমত না হয়েও তাঁর কথা শোনার অধিকারকে সম্মান করা যায়। এই মানসিকতা একজন মানুষকে ভালো বিতার্কিকের পাশাপাশি ভালো শ্রোতা ও পরিণত মানুষ করে তোলে।
৫.যুক্তি ও আবেগের মধ্যে ভারসাম্য: মানুষ শুধু যুক্তির মাধ্যমে পরিচালিত হয় না। মানুষের মধ্যে আবেগ, রাগ, অভিমান, ভালোবাসা এবং নিজের মতকে সঠিক প্রমাণ করার আকাঙ্ক্ষা আছে। তাই বিতর্কে উত্তেজনা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু আবেগ যখন যুক্তিকে আড়াল করে ফেলে, তখন আলোচনা তর্কে পরিণত হয়। কণ্ঠস্বর উঁচু করলেই বক্তব্য শক্তিশালী হয় না। কাউকে অপমান বা ব্যক্তিগত আক্রমণ করলেও নিজের যুক্তি সঠিক প্রমাণিত হয় না।
উত্তেজনার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা চিন্তার পরিণতিকে প্রকাশ করে। বিতর্ক তাই যুক্তির পাশাপাশি আত্মসংযমেরও একটি অনুশীলন।
৬.যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং ভুল সংশোধনের সাহস: সব যুক্তির শক্তি সমান নয়। কোনো বক্তব্য শক্ত প্রমাণের ওপর দাঁড়াতে পারে, আবার কোনো বক্তব্য অনুমান বা আবেগনির্ভর হতে পারে। এই পার্থক্য বুঝতে পারাই যুক্তিবোধের একটি গুরুত্বপূর্ণ দিক।
কার্ল পপারের দর্শনে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, কোনো বৈজ্ঞানিক ধারণাকে এমনভাবে বিবেচনা করতে হবে যাতে প্রমাণের মাধ্যমে সেটিকে ভুল প্রমাণ করার সুযোগ থাকে। বিতার্কিকের ক্ষেত্রেও নিজের ধারণাকে এমনভাবে আঁকড়ে থাকা উচিত নয়, যাতে কোনো নতুন প্রমাণই তাঁর অবস্থান পরিবর্তন করতে না পারে।
নতুন ও শক্তিশালী প্রমাণ পেলে নিজের মত পুনর্বিবেচনা করা যুক্তিবাদী চিন্তার পরিচয়। নিজের মত পরিবর্তনের সাহস দুর্বলতার পরিচয় নয়। যথেষ্ট প্রমাণের সামনে নিজের ভুল স্বীকার করতে পারা মানসিক শক্তির পরিচয়।
৭.বিতর্কের প্রকৃত লক্ষ্য জয় নয়: বিতর্ক প্রতিযোগিতায় একদল বিজয়ী ও অন্যদল পরাজিত হন। এটি প্রতিযোগিতার স্বাভাবিক নিয়ম। কিন্তু বিতর্কের শিক্ষামূলক মূল্য শুধু ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি বিতর্ক তখনই সফল হয়, যখন অংশগ্রহণকারী নতুন কিছু জানতে পারেন, ভুল ধারণা সংশোধন করতে পারেন অথবা নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরতে পারেন। কনফুসিয়াসের সঙ্গে যুক্ত একটি বহুল প্রচলিত শিক্ষা হলো, ভুল করা বড় বিষয় নয়, ভুল বুঝতে পেরেও তা সংশোধন না করাই বড় ভুল। একজন বিতার্কিক হেরে গিয়ে যদি নতুন কিছু শিখে ফিরেন, সেই অভিজ্ঞতা তাঁর শেখার পথে গুরুত্বপূর্ণ। আবার জিতে গিয়ে যদি মনে করেন তাঁর আর কিছু শেখার নেই, তাহলে সেই জয় জ্ঞানের পরিসর বাড়ায় না। তাই বিতর্ক নিজে কাউকে যুক্তিবাদী বা তর্কপ্রবণ করে তোলে না। উদ্দেশ্য এবং চর্চার ধরনই এখানে গুরুত্বপূর্ণ। কাউকে হারানো, নিজের মতকে যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করা কিংবা অন্যের দুর্বলতা খুঁজে অপমান করা হলে বিতর্ক শুধু তর্কের কৌশল শেখায়। কিন্তু উদ্দেশ্য যদি হয় প্রশ্ন করা, তথ্য অনুসন্ধান করা, যুক্তি যাচাই করা, অন্যের বক্তব্য মন দিয়ে শোনা এবং প্রয়োজন হলে নিজের মত পরিবর্তন করা, তাহলে বিতর্ক যুক্তিবাদী চিন্তার বিকাশ ঘটাতে পারে। এ কারণেই শিক্ষাঙ্গনে বিতর্কের গুরুত্ব এত বেশি।
বিতার্কিকদের শুধু জয়ের জন্য বিতর্ক করতে শেখানো যথেষ্ট নয়। তাদের শেখাতে হবে কীভাবে সত্যের কাছে যাওয়া যায়। প্রতিপক্ষকে পরাজিত করা একটি প্রতিযোগিতার ফলাফল হতে পারে, কিন্তু নিজের ভুলকে চিনে তা সংশোধন করা জীবনের অনেক বড় অর্জন। যুক্তি মানুষকে শক্তিশালী করে, আর মানবিকতা সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে শেখায়।
তর্ক শেষ কথা বলতে চায়। কিন্তু বিতর্ক নতুন করে ভাবতে শেখায়। প্রকৃত যুক্তিবাদী মানুষ তিনি নন, যিনি সব প্রশ্নের উত্তর জানেন। প্রকৃত যুক্তিবাদী মানুষ তিনি, যিনি নতুন প্রশ্নকে স্বাগত জানান, প্রমাণকে গুরুত্ব দেন, ভিন্নমত মন দিয়ে শোনেন এবং সত্যের সামনে নিজের অহংকে সরিয়ে রাখতে পারেন।
লেখক : প্রাবন্ধিক ও সাংস্কৃতিক সংগঠক











